বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশের প্রায় সকল মসজিদে দোয়া-মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকেলের দিকে গুলশান সেন্ট্রাল মসজিদে যান তারেক রহমান। পরে তিনি জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তার মা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে তার দল বিএনপি।
এসময় মসজিদে নারীদের পৃথক নামাজের স্থান থেকে দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের সদস্য এবং স্বজনেরা।
এ ছাড়া দোয়া ও মিলাদ মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহŸায়ক আমিনুল হকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল শুক্রবার রাস্ট্রীয়ভাবে দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হয়। জুমার দিন হওয়ায় দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জুমার নামাজের পর সব মসজিদে বিশেষ দোয়া করা হয়।



