রাজধানীর চকবাজারে ঢাকা-৭ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সমাবেশ থেকে ছুরিসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনার পর জামায়াত ইসলামীর কয়েকশ নেতা-কর্মী চকবাজার মডেল থানায় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে।
চকবাজার মডেল থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন বলেন, রাত ১১ টার দিকে চকবাজার থানা থেকে ২শ মিটার দূরে জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী হাজী এনায়াত উল্লা’র নির্বাচনী সমাবেশ চলছিল। এসময় সমাবেশ থেকে অজ্ঞাত ২ ব্যক্তিকে ১ টি ছুরিসহ জনতা আটক করে থানায় নিয়ে আসে। থানায় উর্দ্ধতন কর্মকর্তারা আটককৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ করছে।
আটককৃতদের নাম পরিচয় জানতে চাইলে এসআই জালাল উদ্দিন বলেন, এটা এখনও শনাক্ত হয়নি।
এদিকে, ছুরিসহ দুই জনকে আটক করার খবর পেয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে কয়েকশ জামায়াত ইসলামীর কর্মী চকবাজার থানা ঘেরাও করে। খবর পেয়ে জামায়াত ইসলামীর প্রার্থী হাজী এনায়াত উল্লা থানায় ছুটে আসেন।
তিনি গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘আটককৃতদের পরনে ফ্যাসিস্টদের গেঞ্জি। তারা কারা জাতি জানতে চায়। আমাদের অভিযোগ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হোকে।’



