ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডরিংয়ের অপরাধের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম (৪৮) ইফতি ইটিসিএল, ইফতি এন্টারপ্রাইজ ও সাউথ বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান ও গাড়ি ক্রয় বাবদ ১১৬ কোটি ৮৩ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পক্ষান্তরে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ১৭ কোটি ৭১ লাখ টাকা।
তাছাড়া আসামি মিরাজুল ইসলাম সরকারি অর্থ আত্মসাতপূর্বক অপরাধলব্ধ অর্থের ২৬৯১ কোটি টাকা ৯টি ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এছাড়া মিরাজুল ইসলামের স্ত্রী আসামি শামীমা আক্তার মেসার্স শিমু এন্টারপ্রাইজের নামে ২৪ কোটি ৪৫ লাখ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন।
তিনি এলজিইডি’র নিযুক্ত ঠিকাদার হিসেবে প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাতপূর্বক অপরাধলব্ধ অর্থ বিভিন্ন ব্যাংকের একাধিক শাখার মাধ্যমে জমাপূর্বক অবৈধ অর্থের উৎস গোপন/আড়াল বা ছদ্মাবৃত্ত করার অসদুদ্দেশ্যে জমাকৃত অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরপূর্বক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়।



