বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেফতার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক করার’ অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।

এর আগে বঙ্গভবনের এই প্রোগ্রামারকে মঙ্গলবার মধ্যরাতের পরে ডিবি হেফাজতে নেওয়ার তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, তাকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদের জন্য। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকডের ঘটনায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে সিরাজুল ইসলাম বাদী হয়ে হাতিরঝিল থানায় আইসিটি অ্যাক্টে মামলা করেন। ওই মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল। এ নিয়ে বিক্ষোভ ও বাদ-প্রতিবােদের মধ্যে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।

এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়।

এর আগে বিকালে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়।

এ বিষয়ে বঙ্গভবনে অভিযোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

জামায়াত নেতারা বলছেন, বঙ্গভবনে গিয়ে জামায়াতের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠকে তারা অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments