এতিম ও অসহায় দুই’শ মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
শনিবার নোবিপ্রবি সংলগ্ন বাংলাবাজার দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসা ও এমিতখানায় এ আয়োজন করা হয়। ইফতারের আগে বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন।

আলোচনায় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এখানে কোমলমতি শিশুরা সারা বছর পবিত্র কুরআনের সুমধুর তিলাওয়াত করে থাকে। গত বছরের ন্যায় এবারও আমরা তাদের সঙ্গে ইফতার করতে এসেছি। আল্লাহ যেনো আমাদের ইফতারকে কবুল করেন। একই সঙ্গে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন।
তিনি বলেন, সৎ এবং হালাল পথে চলার তৌফিক দান করেন। আমরা যে পড়াশোনা করছি এবং যে জ্ঞান অর্জন করছি তার একটাই লক্ষ্য আমরা যেনো সুনাগরিক হই এবং দেশের ও দশের জন্য আমরা যেনো কাজ করতে পারি। সেই জায়গা থেকেই আজকের ইফতারে আমরা দোয়া করবো আল্লাহ যাতে আমাদের দোয়াগুলো কবুল করেন। একজন সুনাগরিক হিসেবে আমরা যেনো দেশের সেবা করতে পারি। সৎ নাগরিক হিসেবে মানুষের জন্য কাজ করতে পারি।



