পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জয়নুল আবেদিন ফারুক বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রবাসী কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মহি উদ্দিন মহিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ও সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরী ও সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী।
এসময় সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক ও সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মো. চান্দন হোসেন রাজু, প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মো. শহীদ উল্ল্যা মিন্টু, আবদুল মান্নান বাবলু, মুফতি মুহাম্মদ সোহাইব, আবদুর রহমান ভূঁইয়া, রফিকুল ইসলাম রবি, আমির হোসেন লিটন, ওমর ফারুক, মো. হারুন, আবু নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মহি উদ্দিন জানান, প্রবাসে অবস্থানরত সেনবাগের প্রবাসীদের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল ডাল, তেল, ছোলা, মুড়ি, খেজুর, সেমাই ও লুডুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



