রাজশাহীর আদালতে গোদাগাড়ীর একটি হত্যা মামলায় হাজিরা শেষে প্রধান আসামি মাসুম বিল্লাহ ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন। উদ্বিগ্ন মাসুমের স্বজনদের ধারণা, মামলার বাদীপক্ষ বা কেউ তাকে অপহরণ করেছে। এদিকে মাসুমের নিখোঁজের ঘটনায় তার মা রাবেয়া বেগম ১১ ফেব্রুয়ারি নগরীর রাজপাড়া অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মাসুম বিল্লাহ পেশায় ছাত্র, ২০২২ সালে গোদাগাড়ীর তেরোপাড়ায় ছাগলে ফসল খাওয়ার ঘটনায় দুইপক্ষের সংঘর্ষে মামুন অর রশিদ আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। এ ঘটনায় মাসুমকে প্রধান আসামি করে মামলা হয়। আদালতে হাজিরা দিয়ে গত ৮ ফেব্রুয়ারি মাসুম আর বাড়ি ফিরেনি। ওইদিন থেকে মাসুমের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
অভিযোগে বলা হয়, সন্দেহ করা হচ্ছে, মামলার বাদীপক্ষ বা অপর কেউ মাসুমকে আদালত চত্বর থেকে অপহরণ করেছে। এর আগে বাদীপক্ষ মাসুমকে তুলে নেওয়ার হুমকি দিয়েছিল। মামলাটি মীমাংসা চেষ্টার কারণে তখন হুমকির বিষয়টি কাউকে জানানো হয়নি। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, ‘অভিযোগের তদন্ত চলমান। নিখোঁজ মাসুম বিল্লাহর সন্ধান মিলেনি। আমরা ঘটনাটি তদন্ত করছি।’



