দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খননের মাধ্যমে কৃষি জমিতে সারা বছর সেচ ব্যবস্থার পাশাপাশি মাছ চাষ ও বৃক্ষরোপণ করা হবে। এতে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

বুধবার (১৮ই মার্চ) সকালে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় লালমনিরহাট সদর উপজেলাধীন কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সারাদেশে বিশ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে খালের দুই পাড়ের হতদরিদ্র মানুষদের সামাজিক চুক্তির আওতায় আনা হবে। তাঁরা মাছচাষ ও বৃক্ষরোপণের লভ্যাংশ পাবেন। এছাড়াও দর্শনার্থীদের আকৃষ্ট করতে খালের পাড়গুলোতে সৌন্দর্য বর্ধন করা হবে।
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ফ্যামিলি কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি প্রদান শুরু করেছে। খাল খননের মাধ্যমে আরো একটি কর্মসূচির যাত্রা শুরু হলো।

তিনি আরো বলেন, আমরা শুধু রিলিফ কিংবা স্লিপের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। দরিদ্রতা বিমোচনের মাধ্যমে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এই অঞ্চলে বিভিন্ন মিল কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা হবে।
সরকারের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছেন। কারণ কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। সামাজিক অপরাধ প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলদারি মতো অপরাধের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেছে। এসব অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



