চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়া একটি লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত কওে বলেন, চাঁদপুর জেলার হাইমচর এলাকায় বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়া একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কোস্ট গার্ড বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোস্ট গার্ডের আওতাধীন ঢাকার সদরঘাট লঞ্চঘাট, চাঁদপুর লঞ্চঘাট, বরিশাল লঞ্চঘাট, ভোলার ইলিশা, হাতিয়ার নলচিরা, লঞ্চঘাট, খুলনা-মোংলা এবং চট্টগ্রামের বিভিন্ন লঞ্চঘাট ও খেয়াঘাট সমূহে টহল জোরদার করা হয়েছে।

উল্লেখিত গুরুত্বপূর্ণ নৌঘাটসমূহে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।



