শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সশরীরে কার্যালয় পরিদর্শনের এই খবরে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভার শেষ পর্যায়ে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন যে, শনিবার তিনি ব্যক্তিগতভাবে পল্টন অফিসে গিয়ে সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতে চান। প্রধানমন্ত্রীর এই আকস্মিক ঘোষণা উপস্থিত কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং পুরো মিলনায়তন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
কার্যালয় পরিদর্শনকালে তিনি দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সাথেও মতবিনিময় করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলীয় কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন।
এই সফরকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক অঙ্গনেও এক ধরনের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতোমধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্ধারিত সূচি অনুযায়ী আজ দলের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে, দেশে ফিরে দীর্ঘ প্রায় দুই দশক পর গত ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন।



