নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স, জীবন ও স্বাস্থ্য বীমার লক্ষ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী তিন বছরের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বুধবার (১ এপ্রিল ২০২৬) উপাচার্যের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের গ্রুপ ইন্সুরেন্স ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো. সাঈদ হাসান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাব, মো. সাইদুর রহমান, নোবিপ্রবি স্বাস্থ্য ও গোষ্ঠী বীমার সমন্বয়কারী ও উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী সমন্বয়কারী জনাব মো. মহিউদ্দিন আল ফয়সল ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির প্রতিনিধিসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আমাদের অন্যতম দায়িত্ব হলো নোবিপ্রবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। আমরা ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয় এবং অপ্রত্যাশিত বিভিন্ন ঝুঁকির কথা বিবেচনা করে সবার জন্য একটি স্বাস্থ্য ও গোষ্ঠী বীমা পলিসি চালু করতে যাচ্ছি।
এই চুক্তির মাধ্যমে নোবিপ্রবি এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড কোম্পানির মধ্যে একটি নতুন অংশীদারিত্ব তৈরি হলো। এর মাধ্যমে আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জরুরী চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক পরিষেবা পাবেন এ আমাদেও প্রত্যাশা ।


