নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যা নিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও ১.২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু (২০), মো. রকি (২৪), মো. স্বাধীন (২২) ও মো.আরিয়ান (২৬)।
ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দত্তেরহাট এলাকায় অভিযান চালায় ডিএনসি। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জাহিদা আক্তার মৌসুমী, মুকসুদুস সালেহীন এবং মো. জাহিদ হাসান অপু ।
তারা ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতারকৃত মো.টিপু , মো. রকি, মো. স্বাধীন ও মো.আরিয়ানকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং গ্রেফতার নাছিরের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।


