রাজধানীর মহাখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে আনসার। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, রিয়াজুল ইসলাম (২৭), রাজু মিয়া (২০) ও রাজন মিয়া (৩০)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১ টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ২ টি ছুরি উদ্ধার করে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক আশিকউজ্জামান জানান, শুক্রবার ভোর সোয়া ৪ টার দিকে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের রাস্তায় এক ব্যক্তির গোঙ্গানির চিৎকার শুনতে পেয়ে টহলরত আনসার সদস্যরা ছুটে যান।
তারা দেখতে পান যে মুখ কাপড় দিয়ে বেঁধে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে রাখা হয়েছে। ওই ব্যক্তি তাৎক্ষণিক আনসার সদস্যদের জানান যে তার রিকশায় তিন জন যাত্রী উঠেছিল, তারা ছুরি দেখিয়ে রিকশাটি ছিনতাই করে নিয়ে যাচ্ছে।
মুহুর্তের মধ্যে আনসারের এপিসি মোঃ আমিনুল ইসলাম, আনসার মোঃ আব্দুল জলিল, আনসার মোঃ কামরান এবং আনসার মোঃ অহিদুজ্জামান ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাওয়া করে। তারা দৌড়ে ধাওয়া করে রিকশাটিকে আটক করে।
এসময় আটককৃতদের কাছ থেকে ২ টি ছুরি উদ্ধার হয়। পরে আটককৃতদের বনানী থানায় হস্তান্তর করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।



