চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্টিল কারখানায় ডাকাতির সময় তিন ডাকাতকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল সোমবার ভোরে সীতাকুণ্ডের আবুল খায়ের স্টিল রোলিং মিলসে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জাবেদ (২৭), শরিফুর রহমান (২৮) ও রাসেল (২৯)। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত ৫ টি লম্বা হাসুয়া, ২ টি শাবল ও ডাকাতি করা ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল জব্দ করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক আশিকউজ্জামান বলেন, সোমবার ভোর ৬ টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সুসংগঠিত ডাকাত দল কারখানাটিতে অনুপ্রবেশ করে। তারা কারখানায় প্রবেশ করে বৈদ্যুতিক ক্যাবল কাটতে শুরু করে।
এ সময় কারখানায় নিয়োজিত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালায়। আনসার সদস্যরা ৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে জবাব দেয়।
এসময় ডাকাতদল তাদের লুণ্ঠিত মালামাল ফেলে পালিয়ে যেতে থাকে। এসময় আনসার সদস্যরা ডাকাতদলের তিন জনকে আটক করে।



