ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত হাজতির নাম মো. আব্দুল মান্নান (৪২)। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি নম্বর ২০২৭৫/২৬। তার বাবার নাম মৃত জয়নাল আবেদীন। গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখন্ড এলাকায়।
কারা সূত্র জানায়, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নবাবগঞ্জ থানার মামলা নং-৩০(৬)/২৬, ধারা ৩৬(১)১০/ক-এর মামলায় তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।



