জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ দেশাত্মবোধক সংগীতে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করা ক্ষুদে শিল্পী অনুশ্রী রায়কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
শনিবার (২৭ জুন) বিকেলে উলিপুর উপজেলার মণ্ডলেরহাট বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অনুশ্রী রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বী, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলাম, সহ-সভাপতি নাজমুল হাসান ইমন ও সিফাত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম রাকিব, উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. খোকন মিয়া, সদস্য পাপন, পৌর ছাত্রদলের সদস্য আল মামুন সুমন, বুড়াবুড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন খন্দকার, সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, কামরুলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অনুশ্রী কুড়িগ্রাম জেলার গর্ব। জাতীয় পর্যায়ে তার এই জোড়া সাফল্য জেলার জন্য এক অনন্য অর্জন। তার প্রতিভা ও অধ্যবসায় ভবিষ্যতে দেশের সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মী, অনুশ্রীর পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তারা অনুশ্রীর অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান।
অনুশ্রী রায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের হাপারভিটা মণ্ডলেরহাট এলাকার বাসিন্দা কমল কান্তি রায় ও মনিকা রায় দম্পতির মেয়ে। বর্তমানে সে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
উল্লেখ্য, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ অংশগ্রহণের সুযোগ পায় অনুশ্রী। পরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশাত্মবোধক সংগীতে প্রথম এবং নজরুল সংগীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রাম জেলার জন্য বিরল গৌরব বয়ে আনে।



