রংপুরে জটিল রোগে আক্রান্ত ১০০ জনের হাতে অনুদানের চেক

রংপুরে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০০ জন রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

এ সময় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর সমাজসেবা কার্যালয়ের তালিকাভুক্ত জটিল রোগে আক্রান্ত ৮০০ জনের মধ্যে ২৫৬ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীর হাতে ইতোমধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় বেসরকারি উদ্যোগে আরও ১০০ জন ‘এ প্লাস’ ক্যাটাগরির রোগীকে অনুদান দেওয়া হলো। যারা এ সহায়তা পেয়েছেন, তারা সবাই সমাজসেবা অধিদপ্তরের তালিকাভুক্ত এবং চিকিৎসকদের নির্ধারিত ক্যাটাগরির রোগী।

তিনি বলেন, জেলার সব তালিকাভুক্ত রোগীর মধ্যে অনুদানের চেক বিতরণ কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক চিকিৎসাসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন হাসপাতালে ছোটখাটো অস্ত্রোপচারের সময়ও রোগীর মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের দায়িত্বশীলতা, পেশাগত নৈতিকতা ও মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করে রোগীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments