অব্যবহৃত কোটি টাকার যন্ত্রপাতি যাচ্ছে ভাঙারির দোকানে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে অপরিকল্পিতভাবে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম আমদানি করা হয়েছিল। কিন্তু সেগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত না করায় অনেক যন্ত্রপাতি এখনো বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে, এমনকি কিছু যন্ত্রপাতি ভাঙারির দোকানেও চলে যাচ্ছে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুলনা ও ফরিদপুরে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে কেনা দুটি রেডিওথেরাপি মেশিন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অনেক স্থানে এক্স-রে ও ল্যাবরেটরি মেশিন সরবরাহ করা হলেও সেখানে প্রয়োজনীয় টেকনিশিয়ান নেই। ফলে এসব যন্ত্রপাতি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, গত ১৭ বছরের অব্যবস্থাপনা, দুর্নীতি ও জনস্বাস্থ্য খাতের প্রতি অবহেলার কারণে স্বাস্থ্য খাত নানা সংকটে পড়েছে। স্বাস্থ্য খাতের সমস্যা নিয়ে এক ঘণ্টা আলোচনা করলেও শেষ হবে না।

৯২ শতাংশ মানসিক রোগী চিকিৎসা নেন না

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ (২০১৮-১৯) অনুযায়ী দেশে প্রাপ্তবয়স্কদের ১৬ দশমিক ৮ শতাংশ এবং শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। অথচ আক্রান্তদের ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করেন না।

তিনি জানান, দেশে প্রতি এক লাখ মানুষের বিপরীতে মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র ১ দশমিক ১৭ জন। সরকারি খাতে নিবন্ধিত মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা প্রায় ৩৫০ জন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।

প্রতিটি উপজেলায় হবে কিডনি ডায়ালাইসিস সেন্টার

সংসদ সদস্য মো. আবদুল গফুরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ল্যাবরেটরি, এক্স-রে, ব্লাড এক্সামিনেশন ও আল্ট্রাসনোগ্রাফি সেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে।

এ ছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

বছরে আত্মহত্যা করেন ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন আত্মহত্যা করেন। এদের উল্লেখযোগ্য অংশ তরুণ ও কিশোর-কিশোরী।

তিনি বলেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, হতাশা দূরীকরণ এবং আত্মহত্যা প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

সরকারি হাসপাতালে ৯ হাজার ৪০৭ চিকিৎসকের পদ শূন্য

আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য।

এ ছাড়া অনুমোদিত ৪৯ হাজার ৯৮৭টি নার্সের পদের মধ্যে ৪ হাজার ৫৭৭টি এবং ৬৫ হাজার ২৩২টি স্বাস্থ্যকর্মীর পদের মধ্যে ১৮ হাজার ৯৪৭টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments