বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে শহিদ আবু সাঈদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ছাত্র ও ছাত্রীদের পৃথক দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনালে বাংলা বিভাগকে পরাজিত করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছাত্রদের ফাইনালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় উপাচার্য বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সফল আয়োজন এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়।



