নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনবাগ-ফেনী সড়কের সেবারহাট মধ্যম বাজার এলাকায় র্যাব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচারকারী একটি চক্রের সন্ধান পাওয়া যায়। পরে একই চক্রের সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনবাগে যৌথ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।



