রংপুরের গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন— নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকাররের স্ত্রী রাধা রানী সরকার (৪০) ও দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৫৭৮) জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিল। ট্রাকটি রথবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। ট্রাকচালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”



