প্রায় দুই কোটি টাকার প্রকল্পে তিন কিলোমিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন; বর্ষায় নগরবাসীর ভোগান্তি কমানোর উদ্যোগ
চলতি বর্ষা মৌসুমে নগরবাসীর দুর্ভোগ কমাতে রংপুর নগরীর বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করেছে রংপুর সিটি করপোরেশন। এর অংশ হিসেবে বুধবার প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি এবং কসাইটুলি সড়কের প্রায় তিন কিলোমিটার অংশের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। এ সময় রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দূর করতেই নগরীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরবাসী যৌক্তিক সময় দিলে রংপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিছিয়ে পড়া রংপুরের উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সড়ক সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। এছাড়া নগরীর যেসব সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে, সেগুলো দ্রুত চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



