সবাই মিলে রাজশাহীকে আরও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা হবে: চেয়ারম্যান
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
শুক্রবার (৩১ জুলাই) নগরীর ভদ্রা পার্কে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ সময় আরডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আরডিএও বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। প্রতিবছর পাঁচ হাজার করে পাঁচ বছরে মোট ২৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহীকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক প্রফেসর মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এনামুল হক, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



