‘ঢাকা হেরিটেজ রান’—রাজধানীর ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির আয়োজন

রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের সামনে তুলে ধরার পাশাপাশি নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়াতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা হেরিটেজ রান’।

রাজধানীর ৪১৬ বছর পূর্তি এবং ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শনিবার এ আয়োজন করা হয়।

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হওয়া হেরিটেজ রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

হেরিটেজ রানে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি কাকরাইল মোড়, রমনা, শাহবাগ মোড়, কাটাবন মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী মোড়, লালবাগ কেল্লা ও শহীদনগর মোড় হয়ে সদরঘাট লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারী প্রত্যেক রানারকে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপরও গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, ঐতিহ্যকে ধারণ করে ডিএসসিসির প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন, তা যথাযথ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য আরও পরিচিত হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “আমার মূল উদ্দেশ্য ছিল আমার শহর ঢাকা, যাকে নিয়ে আমার গর্ব করা উচিত।”

তিনি বলেন, হেরিটেজ রানে অংশ নিয়ে নাগরিকরা ঢাকার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র দেখেছেন। কোথাও ভালো রাস্তা, কোথাও ভাঙাচোরা, কোথাও বৃষ্টিতে কাদামুক্ত—এটাই ঢাকার বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই নগরবাসীর জীবনযাত্রা আরও সুন্দর করতে হবে।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যা থাকছে

মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে নানা আয়োজন রয়েছে।

১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক ও নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত আয়োজন করা হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। একই দিনে সদরঘাটে শত বছরের পুরোনো বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের ভ্রমণের আয়োজন থাকবে।

২২ আগস্ট ধানমন্ডির মধুমিতা সিনেমা হলে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২১ থেকে ৩০ আগস্ট ঢাকার বিপণিবিতানে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং নাগরিকদের কাছ থেকে ঢাকার প্রতি আবেগ ও ভালোবাসার চিঠি আহ্বান করে ‘লাভ লেটার টু ঢাকা’ আয়োজন করা হবে।

২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক, ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

২৪ আগস্ট উত্তর ধানমন্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ প্রদর্শনের আয়োজন রয়েছে।

২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট বিকেল ৪টায় লালবাগ কেল্লায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।

৩০ আগস্ট লালবাগ কেল্লায় ঘুড়ি উৎসব, বিশেষ ‘ঢাকা আড্ডা’ এবং সন্ধ্যায় ঐতিহ্যবাহী কাওয়ালিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডার আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মাধ্যমে নাগরিকদের ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার পাশাপাশি নগরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ডিএসসিসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments