রাজধানীর সদরঘাট এলাকায় দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ই বলেন, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। এতে মিতুল নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তবে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার রাতে ফের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে নিহত মিতুলের রাজনৈতিক পরিচয় এবং সংঘর্ষের প্রকৃত কারণ পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে বলে জানিয়েছে।



