রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আহত পলাশ মিয়া (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পলাশ মিয়া নগরীর হারাগাছ থানার আরাজি বীরচরণ এলাকার আব্দুর রশিদের ছেলে।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পলাশ মিয়ার সঙ্গে তার প্রতিবেশী ও আত্মীয়দের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১০ আগস্ট প্রতিপক্ষের লোকজন পলাশকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
ওসি অশোক চৌহান বলেন, ‘ময়নাতদন্ত শেষে পলাশ মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’



