নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি দেশীয় অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত। বুধবার রাতে উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকের ওই গ্রামের আকরাম উদ্দিন হাজী বাড়ির মুমিন উল্লার ছেলে। অভিযানে তার কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে বন্দুকের বাট তৈরির উপকরণ, দেশীয় তৈরি এলজির লোহার বাট, কাঠের বাট, বন্দুকের বডি ও অন্যান্য অংশ, লোহার তৈরি ট্রিগার ও বোল্ট। এ ছাড়া অস্ত্র তৈরিতে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেত এবং ছোট-বড় আটটি এসএস স্টিলের অংশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ৭টার দিকে জেলা ডিবির এসআই মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় অস্ত্র তৈরির কারিগর হিসেবে পরিচিত সাইফুল ইসলাম ওরফে শাকেরকে আটক করা হয়। পরে তার কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় শাকেরের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।



