সিলেটে মশক নিধনে বিশেষ অভিযান শুরু

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে সিলেট নগরীতে এডিস মশার লার্ভা ধ্বংস ও মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বৃহস্পতিবার নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

এ সময় তিনি কর্মীদের আন্তরিকতার সঙ্গে নগরীর প্রতিটি এলাকায় মশক নিধন ও লার্ভা ধ্বংসের নির্দেশ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মশক নিধনকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক রয়েছে। সম্প্রতি নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে এখন পর্যন্ত শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীরা বাইরে থেকে সংক্রমিত হয়ে এসেছেন। তারপরও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সিটি করপোরেশন।

তিনি জানান, নগরীর ৪২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। প্রথম ধাপে ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে। সিসিকের স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৌশল বিভাগের যৌথ সমন্বয়ে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মশক নিধনের জন্য সিটি করপোরেশনের পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। আগামী এক মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে সিসিক প্রশাসক বলেন, বাসাবাড়ি কিংবা আঙিনায় যেন কোথাও পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যে মসজিদ, মার্কেট ও মহল্লায় লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিং করা হচ্ছে।

মশাবাহিত রোগ প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করে তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের অভিযান দিয়ে মশার বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও জমে থাকা পানি থাকলে তা অপসারণ করতে হবে। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

Is this conversation helpful so far?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments