ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রাথমিকের শিক্ষক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গ্রেফতার শিক্ষক ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বয়স প্রায় ৪০ বছর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় অভিযুক্ত শিক্ষক বাথরুমের কাছে গিয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডাকেন। পরে তাকে বাথরুমের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেন। বিষয়টি কয়েকজন শিক্ষার্থী দেখতে পেয়ে বাথরুমের দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে শিক্ষক ও ছাত্রী বাইরে বেরিয়ে আসেন।

প্রধান শিক্ষক বলেন, ঘটনার সময় তিনি উপজেলা অফিসে ছিলেন। খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে ভুক্তভোগী ছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের বক্তব্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে চলে যান। পরে রাতে পুলিশ তাঁকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ভুক্তভোগী ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ জানিয়েছে। তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে রাতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments