রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অর্থায়নকারী ও অংশগ্রহণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ’র ঘনিষ্ঠ সহচর ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮), রাজধানীর কদমতলী ৫৩ নং ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) ও ১ নং গাজীপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা সাবেক ইউপি সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।
ডিবি জানায়, রবিবার রাত আনুমানিক টায় বেইলী রোড থেকে মো: কামাল হোসেনকে ও রাত সাড়ে ১০ টায় জুরাইন এলাকা থেকে মো: মনির হোসেন কে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। একই রাত সাড়ে এগারটায় ধানমন্ডি ১০/এ নং রোড এলাকা থেকে আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।
রবিবার সন্ধ্যা আনুমানিক ৬ টায় রনি (৩৫) কে চকবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের একটি টিম। অপরদিকে রাত পৌণে ১২ টায় একই স্থান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগের টিম।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে অপর এক অভিযানে বনশ্রী ডি ব্লক এলাকা থেকে মো: জামাল হোসেন গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।



