বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫’ শনিবার মুন্সীগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু রয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। পুরুষ সাঁতারুদের প্রায় ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুদের প্রায় ৭ কিলোমিটার সাঁতার অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন সেনাবাহিনীর মোঃ ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর নুরুল ইসলাম, ৪র্থ স্থান অর্জন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও ৫ম স্থান অর্জন করেন নিকলী সুইমিং ক্লাবের মোঃ ইমরান।
মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৩য় স্থান অর্জন করেন নৌবাহিনীর রুপা খাতুন, ৪র্থ স্থান অর্জন করেন সেনাবাহিনীর সালমা খাতুন এবং ৫ম স্থান অর্জন করেন গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল সড়কে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



