ঢাবি শিক্ষক জামাল উদ্দীনের জামিন হয়নি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে জামাল উদ্দীনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা কারাগারে অধ্যাপক জামাল উদ্দীনের জন্য ডিভিশন সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকালে রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম এলাকার সামনে একটি পদযাত্রা কর্মসূচি থেকে তাকে আটক করে পুলিশ। পরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাকে গ্রেফতার দেখানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত ড. জামাল উদ্দীন গত বছরের ডিসেম্বরে ক্যাম্পাসে হেনস্তার শিকার হন। এছাড়া জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচিতে অংশ নিতে গেলে তিনি বাধার মুখেও পড়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments