সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের তিনদিন পরও ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের সন্ধান মিলেনি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠক করেছে।
আড়াইঘন্টাব্যাপী পতাকা বৈঠকেও নিখোঁজ ওই যুবককের কোনো হদিস দেয়নি বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়ছে। এ সন্ধ্যায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এর আগে, গত সোমবার রাতে বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্য বাংলাদেশে ফিরে আসলেও ডিপজল নিখোঁজকে দাবি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন।
তবে বিএসএফ বিষয়টি স্বীকার করছে না। এ ঘটনায় উত্তেজিত জনতা মঙ্গলবার ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে আসেন। পরদিন বুধবার তাকে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গনমাধ্যমকে জানান, ডিপজলের নিখোঁজ হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হয়েছে।
সর্বশেষ বৃহস্পতিবার আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানিয়েছে- সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা কিংবা ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।
বিজিবি অধিনায়ক বলেন, ‘ডিপজলের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিএসএফও বিষয়টি অনুসন্ধান করবে।’
তবে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, ‘বিএসএফ প্রথমে স্বীকার করেছে তারা মরদেহ হস্তান্তর করবে। কিন্তু পরে অস্বীকার করছে।
তিনি বলেন, আজ বিজিবি অধিনায়ক বিএসএফের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তারা কোনো হদিস দেয়নি। এ ঘটনায় সন্ধ্যায় সীমান্ত এলাকায় বাংলাদেশীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আমাদের আশ্বাসে তারা শান্ত হয়েছেন। আগামীকাল স্থানীয় প্রশাসন ও আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে একজন বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার দাবির কথা শোনা গেলেও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।



