রাজশাহীর মোহনপুরের কেশরহাটে অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রবিবার (২৮ জুন) রাতে র্যাব-৫, রাজশাহী এই ‘লাল গোলাপ সমবায় সমিতি’র অফিসে এই অভিযান চালায়। এসময় সমিতির অফিস থেকে মো. নায়েব আলী (৪৩) কে গ্রেপ্তার করা হয়। তবে অফিস প্রধান মো. শহীদুল্লাহ রাজু (৫৫) কৌশলে পালিয়ে যান। সোমবার র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নায়েব আলী নিরপেক্ষ সাক্ষীদের সামনে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট বের করে দেন। যা তাৎক্ষণিক জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার নায়েব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও জাল নোট খুচরা ও পাইকারি বিক্রি করছিলেন। এ বিষয়ে নায়েব আলী ও শহীদুল্লাহ রাজুর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামি শহীদুল্লা রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



