একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের বিরল সাফল্যে আনন্দের জোয়ার বইছে কুড়িগ্রামে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেধার স্বীকৃতি হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান।
তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের কন্যা। তিন মেয়ের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। তিনজনই কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোন অত্যন্ত মেধাবী, শান্ত, শৃঙ্খলাপরায়ণ এবং অধ্যবসায়ী। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং শেখার প্রতি প্রবল আগ্রহই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।
বর্তমানে তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
তিন কন্যার সাফল্যে উচ্ছ্বসিত বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, “মহান আল্লাহর কাছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম জ্ঞান এবং নৈতিক চরিত্র গঠনের জন্য দোয়া কামনা করছি। পাশাপাশি দেশবাসীর কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই।”
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, “একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের জন্য গর্বের নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও এটি একটি অনন্য ও অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও মেধা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করবে।”
তিন জমজ বোনের এই ব্যতিক্রমী অর্জন ইতোমধ্যেই কুড়িগ্রামজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, জেলার শিক্ষাক্ষেত্রে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।



