মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘পেটেন্টস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) সার্ভিসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ সমঝোতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করবেন। এর ফলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা সহজ হবে এবং বিশ্ববিদ্যালয়ে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা আরও বাড়বে।

তিনি বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে এর বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। সরকার ঘোষিত ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে দ্রুত ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি)’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ সমঝোতা গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে গবেষকদের মেধা, শ্রম ও উদ্ভাবনের জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা সহজ হবে।

ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক নিবন্ধনে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে ডিপিডিটি। বিশ্ববিদ্যালয়ে টিআইএসসি প্রতিষ্ঠিত হলে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পেটেন্ট তথ্য ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ বাড়বে।

কর্মশালায় সভাপতিত্ব করেন নোবিপ্রবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। এতে ডিপিডিটির উপপরিচালক মো. হাবিবুর রহমান, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments