বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানে সকালে ব্যবসায় প্রশাসন, আইন ও মানবাধিকার, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান ও সাংবাদিকতা, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এবং দুপুরে ইংরেজি, ফার্মেসি, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মোহাম্মদ খালেদ বিন ইউসুফ, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং পরিকল্পনা ও উন্নয়ন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের জন্য নয়; এটি নিজেকে একজন দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। আমি আশা করি, তোমরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তোমাদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সর্বাত্মক সহযোগিতা করবে।”
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ‘মিট দ্য ভিসি’ পর্বে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন এবং ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।



