আজ শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

উল্টো রথযাত্রা ২৫ জুলাই

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার সূচনা হয় এবং নয় দিন পর শুক্লপক্ষের একাদশী তিথিতে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এ বছর আগামী ২৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

রথযাত্রা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব জগতের নাথ বা অধীশ্বর। ভক্তদের বিশ্বাস, তাঁর কৃপা লাভের মাধ্যমে মুক্তি অর্জন সম্ভব। সেই বিশ্বাস থেকেই রথে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়। ভারতের ওডিশার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্বের সবচেয়ে বিখ্যাত হলেও বাংলাদেশেও এ উৎসব দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। রাজধানী ঢাকার ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা, গাজীপুরের জয়দেবপুরের মাণিক্যমাধবের রথযাত্রাসহ দেশের বিভিন্ন স্থানের আয়োজন বিশেষভাবে পরিচিত।

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ মন্দির, জয়কালী রোডের রাম-সীতা মন্দির, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্দিরেও রথযাত্রা উপলক্ষে বিশেষ ধর্মীয় কর্মসূচি পালিত হবে।

ঢাকায় ইসকনের নয় দিনের কর্মসূচি

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে নয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি, ভাগবত পাঠ, গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শনী এবং নাট্যমঞ্চায়ন।

আজ সকাল ৮টায় রাজধানীর স্বামীবাগ মন্দিরে অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। দুপুরে আলোচনা সভা শেষে বিকেল ৩টায় জগন্নাথদেবের রথযাত্রা বের হবে। শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশী মোড় অতিক্রম করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। আগামী ২৫ জুলাই একই পথে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

রথযাত্রা উপলক্ষে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা পুরো কর্মসূচিতে দায়িত্ব পালন করবেন।

ধামরাইয়ে শুরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা

ঢাকার ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রাও আজ শুরু হচ্ছে। ধামরাই বাজারের রথখোলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত রথ টানার মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে।

রথযাত্রাকে কেন্দ্র করে আজ থেকে ধামরাইয়ে মাসব্যাপী ঐতিহ্যবাহী মেলা বসছে। প্রতিবছরের মতো এবারও কয়েকশ স্টল নিয়ে এ মেলায় অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথ এশিয়ার অন্যতম বৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ হিসেবে পরিচিত। ঐতিহাসিক সূত্রে জানা যায়, বাংলা ১০৭৯ সালে বিগ্রহ প্রতিষ্ঠার পর থেকেই এখানে রথযাত্রার প্রচলন শুরু হয়।

পরবর্তীকালে জমিদারদের পৃষ্ঠপোষকতায় এবং পরে দানবীর রণদা প্রসাদ সাহার উদ্যোগে এ ঐতিহ্য অব্যাহত থাকে। বর্তমানে তাঁর উত্তরসূরি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় প্রতিবছর এ উৎসব আয়োজন করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments