বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই রায় কার্যকর করেনি।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের তিনটি প্রধান দাবি ছিল—বিচার, সংস্কার ও নির্বাচন। নির্বাচন হয়েছে, কিন্তু এখনো বিচার ও সংস্কার বাংলাদেশের মানুষ পায়নি। আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে, কিন্তু সেই রায়ও এখনো কার্যকর হয়নি।”
তিনি আরও বলেন, “গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই সনদ বাস্তবায়নের কথা তারা শুধু মুখে বলছে। এটি কেবল মৌখিক প্রতারণা।”
এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, সরকার তাদের ঘোষিত ৩১ দফার প্রতিশ্রুতির সঙ্গেও প্রতারণা করেছে। সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে দাবি করেন তিনি।
জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের মানুষ এখন আদালতের দেওয়া রায়ের বাস্তবায়ন দেখতে চায়। শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে অন্যান্য মামলার বিচারকাজ দ্রুত শেষ করে রায় বাস্তবায়ন করা উচিত। এতে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবেন।”
সরকার ও বিরোধী দল যৌথভাবে জুলাই সনদ বাস্তবায়ন করছে—মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, সরকার যদি প্রকৃত অর্থে সংস্কার করতে চায়, তাহলে এনসিপি সর্বাত্মক সহযোগিতা করবে। তবে সরকারের কার্যক্রমে সেই আন্তরিকতার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি এবং বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে আমরা সরকার বা বিরোধী দল হিসেবে নয়, রাষ্ট্র ও জনগণের পক্ষে একসঙ্গে দাঁড়াতে চাই। কিন্তু সরকারের আচরণে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো ব্যাখ্যা বা ‘নোট অব ডিসেন্ট’-এর ভিত্তিতে তা বাস্তবায়নের চেষ্টা হলে সেখানে আমাদের কোনো সহযোগিতা বা অংশগ্রহণ থাকবে না।”
পরে নাহিদ ইসলাম ও এনসিপির নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



