নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজার থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি জিপগাড়িও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চৌমুহনী বাজারের করিমপুর রোডের রূপসা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইতমুনি হেতালিয়াপাড়া এলাকার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই গ্রামের শেখ চান মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, নোয়াখালীতে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় গ্রেপ্তারদের ব্যবহৃত জিপগাড়িটি তল্লাশি করে এর পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে ইয়াবাগুলো রাখা হয়েছিল। এগুলো ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে সংরক্ষিত ছিল।
জেলা পুলিশ সুপার (এসপি) এন এম নাসির উদ্দিন জানান, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
তিনি বলেন, জেলার মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



