জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের চীন সফর হলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অর্জন নিয়ে ফেরা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বাজেট বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে এ অঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান।”

তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে কৃষিপণ্য সংগ্রহ করছে না। ফলে দেশের কৃষি ব্যবস্থা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার ও উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করা না গেলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের সাম্প্রতিক চীন সফর থেকেও কোনো দৃশ্যমান অগ্রগতি আসেনি বলে তিনি দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তারা কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ, সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি জানান।



