নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় শিক্ষা প্রশাসন বিভাগের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিনগুলো একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে স্মরণীয় সময়গুলোর অন্যতম। তাই এ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী অভিভাবকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে ওঠে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তাই শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদের পরিচালিত করতে হবে।
উপ-উপাচার্য আরও বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। মানবিক মূল্যবোধ, সততা, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক গুণাবলির সমন্বয়ে একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে।
শিক্ষা প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রশাসন বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।



