রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইটের মাধ্যমে এখন থেকে ই-বুক ও ই-জার্নাল অনলাইনে সহজেই ব্যবহার করতে পারবেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার (২১ জুলাই) রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির ওয়েবসাইট (www.library.ruet.ac.bd) মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাই বিভিন্ন ই-বুক ও ই-জার্নাল অনলাইনে পড়ার সুযোগ পাবেন।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রুয়েটের আইপি ঠিকানা ব্যবহার করে লাইব্রেরির ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে এসব ডিজিটাল রিসোর্স ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে অথবা ডেস্কটপ, ল্যাপটপ ও স্মার্টফোন ব্যবহার করেও ই-বুক ও ই-জার্নাল ব্রাউজ করা যাবে। প্রয়োজন অনুযায়ী এসব ডিজিটাল কনটেন্ট ডাউনলোডের সুবিধাও থাকবে।
রুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ডিজিটাল লাইব্রেরি সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গবেষণামূলক কাজে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



