রাজশাহীতে তিন দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্পে ২ হাজার ৪২২ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে ৫৬ জনের জন্মগত হৃদরোগ শনাক্ত করা হয়েছে। জাতীয় হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় জাতীয় হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় হার্ট ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক মোহা. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর লু-ঝিয়াং, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওভাসকুলার বিভাগের প্রধান অধ্যাপক ডা. আতাউল হক, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদ, আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আলী এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহী সবার শহর। দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী আরও এগিয়ে যাবে। ক্ষমতার অপব্যবহার নয়, ঐক্যবদ্ধ উদ্যোগই উন্নয়নের মূল শক্তি।” তিনি বলেন, জাতীয় হার্ট ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের চিকিৎসাসেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
আয়োজকরা জানান, ক্যাম্পে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৪২০ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে ২ হাজার ৪২২ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং ৫৬ জনের জন্মগত হৃদরোগ শনাক্ত হয়।
শনাক্ত হওয়া শিশুদের মধ্যে দুজনের অস্ত্রোপচার, ওষুধ, হাসপাতালের বেডসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি শিশুর চিকিৎসায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হবে। এছাড়া একজন শিশুকে বিশেষায়িত চিকিৎসার জন্য চীনে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।



