১০ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ; বাসায় ডেকে নিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর হাতিরঝিল থানাধীন বড় মগবাজারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. রাজু (৪৮) নামে এক সবজি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন সাথী আক্তার ও তার স্বামী বজলুর রহমান।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে বড় মগবাজারে বজলুর রহমানের বাসায় রাজুকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার রাতে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার পরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সাথী আক্তার ও তার স্বামী বজলুর রহমানকে গ্রেফতার করা হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোন্তারছির বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
১০ হাজার টাকা পাওনা ছিল রাজুর
নিহত রাজুর বোন শাহানা বেগম জানান, তার ভাই আগে মগবাজার এলাকায় বজলুর রহমানের সঙ্গে কাঁচামাল বিক্রির ব্যবসা করতেন। ব্যবসাসংক্রান্ত হিসাবে বজলুরের কাছে রাজুর প্রায় ১০ হাজার টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধ করা হচ্ছিল না।
শাহানা বেগমের দাবি, পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজুকে বজলুর রহমানের বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের কাছে তিনি শুনেছেন।
ঢামেক মর্গ থেকে মরদেহ নিয়ে যান স্বজনরা
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত রাজুর ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে তার বোন শাহানা বেগম মরদেহ বুঝে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
নিহত রাজু বরিশালের কাঁঠালিয়া উপজেলার লোকমান হাওলাদারের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। প্রায় সাত-আট বছর আগে তার স্ত্রী মারা যান।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, পাওনা টাকা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত। তবে হত্যার পেছনে আরও কোনো কারণ বা অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।



