ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালী সদর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
বুধবার প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ রায়হান, শহীদ পিয়াস ও শহীদ মামুনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক খোঁজখবর নেন।
পরে মো. শাহজাহান শহীদদের নামে নামকরণ করা সড়কগুলোর নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। তিনি দ্রুত কাজ শেষ করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা ও তাগিদ দেন।
এর আগে দিনের শুরুতে নোয়াখালী জেলা প্রশাসন এবং নোয়াখালী সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত ৫ আগস্ট উপলক্ষে পৃথক দুটি সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



