চাকরি স্থায়ীকরণের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের রংপুর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নগরীর কেল্লাবন্দ এলাকায় কোম্পানিটির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন লালমনিরহাটের ফিল্ড টেকনিশিয়ান রাফসান জুলহাস রনি, পলাশবাড়ীর রাকিবুল হাসান রুপম, রংপুরের সবুজ মিয়াসহ আন্দোলনকারীরা।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অফিস স্টাফ ও ফিল্ড টেকনিশিয়ানরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও বর্তমানে তা বাস্তবায়নে টালবাহানা করছে।
বক্তারা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ২৭ দিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এ বিষয়ে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও বলেন, শ্রম আইন অনুযায়ী ১৮০ দিনের বেশি সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে একজন জনবলকে নিয়োজিত রাখার সুযোগ নেই। অথচ ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে প্রায় দুই দশক ধরে কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছেন। ফলে তাদের চাকরি স্থায়ীকরণ একটি ন্যায্য দাবি।
বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ না করে ঠিকাদারি ব্যবস্থায় রাখা হলে শ্রম আইন লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে। তাই দ্রুত তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।



