শেখ মুজিবকে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়ে ফেসবুকে পোস্ট, সাময়িক বরখাস্ত কলেজ শিক্ষক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক সোহেলী আক্তার ওই কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত সোমবার (১৭ আগস্ট) কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগে তাঁকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে জানা গেছে।

জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবির সঙ্গে পোস্ট দেন প্রভাষক সোহেলী আক্তার। পোস্টে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে ‘বিনম্র শ্রদ্ধা’ লেখা ছিল।

পরদিন রোববার (১৬ আগস্ট) কলেজে যাওয়ার পর সহকর্মীদের কানাঘুষা ও কথাবার্তায় অস্বস্তি বোধ করেন সোহেলী আক্তার। পরে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান। এরপর সোমবার কলেজে যাননি তিনি। ওই দিন কলেজ গভর্নিং বডির জরুরি সভা ডেকে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

নন্দনগাছী কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ‘প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারেন না। কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক বরখাস্ত করেছি।’

অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি—এ কথা স্বীকার করে তিনি বলেন, ‘দেখা যাক, আমরা এখনো আলোচনা করছি। প্রয়োজন হলে এটাও করা হবে।’

তবে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নিং বডির সভাপতি। তিনি বলেন, সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চাকরিবিধি, কলেজ গভর্নিং বডির ক্ষমতা এবং শিক্ষককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না—এসব বিষয় যাচাইয়ের ওপর নির্ভর করবে।

এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া প্রভাষক সোহেলী আক্তার বলেন, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি জানি না। আমার কী দোষ, সেটাও আমি এখনো জানি না। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments