নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ- সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মান্নান নগর বাজার এলাকার মুকবুল আহমেদ জামে মসজিদ প্রাঙ্গণে এওজবালিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, এওজবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকব হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক ছাত্রনেতা মাজহারুল হক চৌধুরী শিবলু ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ বাবর প্রমৃখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এওজবালিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া এলাকায় ২০১০ সালের দিকে নৌকা ও যাযাবর জীবন ছেড়ে বেদে সম্প্রদায়ের লোকজন স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। বর্তমানে ওই এলাকায় প্রায় ১ হাজার ৬০০ পরিবারের বসবাস রয়েছেন। এরা বেদেপল্লীতে বসতি গড়ে ওঠার আগে এলাকায় মাদকের এমন বিস্তার ছিল না।
বেদেরা এখানে বসবাস শুরুর পর থেকে মাদকের ব্যবসা শুরু হয়। তাদেরকে স্থায়ীভাবে বসতি গড়ে সামাজিক জীবনে ফেরার চেষ্টা করা হলেও বেদেপল্লীর বৃহৎ একটি অংশের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এতে করে ওই এলাকায় মাদক ব্যবসার বিস্তারের কারণে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ।



