সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর গুলশান-২ নম্বরে এরাবিয়ান কফি নামের একটি কফি শপ থেকে রাত সাড়ে ৮ টার দিকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয়।
বিদিশা এরশাদের বিরুদ্ধে ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি গুলশান থানায় একটি মামলা দায়ের হয়। মামলার বাদী ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন শিকদার।
মামলার এজাহার ও আদালতের নথি অনুযায়ী, ২০০১ সালের ১০ জুলাই বারিধারার প্রেসিডেন্ট পার্কে একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে বিদিশার সঙ্গে তাঁর চুক্তি হয়। ফ্ল্যাটটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ লাখ টাকা পরিশোধ করেন বাদী। চুক্তি অনুযায়ি ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন করে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
পরে টাকা ফেরত দেওয়ার কথা বলে ৭৫ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত অর্থ না থাকায় সেটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। এরপর টাকা ফেরত চাওয়ার সময় হুমকি দেওয়ার অভিযোগও করেন বাদী।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জেমশেদ আলমের আদালত বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালত একটি মামলায় ২ বছরের সাজা রয়েছে। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে পরোয়ানা গুলশান থানায় আসে। পরে তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।



